বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন একটি অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন যুক্ত করা হয়েছে।
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ লিমিটেড) নির্মিত ৭০ টন ধারণক্ষম এই ফ্লোটিং ক্রেনটির নাম রাখা হয়েছে ‘বিএনএফসি বলীয়ান’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পিএসও এবং ডিইডব্লিউ লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ৩০ জুন কিল-লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেই ফ্লোটিং ক্রেনটি সম্পূর্ণ নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতার এই ভাসমান ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ নট গতিতে চলাচল করতে সক্ষম। এটি জেটি এবং সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজের মেরামত ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ভারী যন্ত্রপাতি উত্তোলন, স্থানান্তর ও স্থাপনের মতো জটিল কাজগুলো আরও দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে এই ক্রেন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের সরঞ্জাম বাহিনীর আত্মনির্ভরশীলতা ও আধুনিকায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।