শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফলে অসহায়, দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩শ’টি শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ঈদ উপলক্ষেও মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি ও চাল বিতরণ করে সহযোগিতা করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকার থেকে বরাদ্দ পাওয়া সব শাড়ি যথাযথভাবে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। বরাদ্দের কোনো অপব্যবহার হবে না। ইতোমধ্যে বাউফলের ৬৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬শ’ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে আটজন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান, বাউফল পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্রসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।