পাকিস্তানের কাকুলে অবস্থিত মর্যাদাপূর্ণ পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) অনুষ্ঠিত প্রেসিডেন্টস প্যারেডে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন অফিসার ক্যাডেট। তাঁদের এই সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গৌরব বয়ে এনেছে।
আজ, ১৭ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্টস প্যারেডে ১৫৪তম পিএমএ লং কোর্সের অফিসার ক্যাডেট (ওসি) রিয়াদ মাহমুদ খান শ্রেষ্ঠ বন্ধুরাষ্ট্রের ক্যাডেট হিসেবে ‘সিডিএফ ওভারসিজ গোল্ড মেডেল’ অর্জন করেন। একই অনুষ্ঠানে ২৮তম লেডি ক্যাডেট কোর্সের অফিসার ক্যাডেট (এফ) উপমা ইসলাম ইতি শ্রেষ্ঠ বিদেশি নারী ক্যাডেট হিসেবে পুরস্কৃত হন। এ ছাড়া অফিসার ক্যাডেট (এফ) মোছা. মিফতাউল জান্নাত জ্যোতি অসাধারণ পারফরম্যান্সের জন্য উচ্চতর কৃতিত্ব অর্জন করেন।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশি ক্যাডেটদের এ অর্জন তাঁদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও প্রশিক্ষণলব্ধ দক্ষতার উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত সক্ষমতা ও উচ্চমানের পরিচায়ক।
এ সাফল্যকে আরও এগিয়ে নিতে পাকিস্তানসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি, যৌথ প্রশিক্ষণ ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ কোটা বৃদ্ধি, বিনিময়মূলক কোর্সের সুযোগ সম্প্রসারণ এবং যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে পেশাগত উৎকর্ষ ও প্রতিরক্ষা কূটনীতি আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশি অফিসার ক্যাডেটদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের সামরিক প্রশিক্ষণার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে আশা করা যায়।