মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের আগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেল থেকে মোটর শোভাযাত্রায় পুত্রজায়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান।
সকাল ৯টায় তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাদের স্বাগত জানান।
পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর পেরদানা পুত্রা ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুত্রজায়ার প্রধান সড়ক ও সরকারি স্থাপনাগুলো বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সাজানো হয়েছে। দুই দেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সফরের প্রতি বিশেষ সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটানো হয়েছে।