জেলার কোতোয়ালি থানার কানাইপুর এলাকায় পরিত্যক্ত একটি আধাপাকা ভবন থেকে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে ওই পুরাতন আধাপাকা ভবনে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ বুধবার বিকেল ৫টায় এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।