বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তারা দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সহযোগিতা, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সমন্বয় এবং চলতি বছরে বাংলাদেশে আয়োজিতব্য জাপানি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের সংস্কৃতি ও ইতিহাসকে পারস্পরিক বিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
জাপান দূতাবাস এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়, বৈঠকে উভয় পক্ষ সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে সাংস্কৃতিক কূটনীতির ভূমিকা বাড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন উভয় পক্ষ।