কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মো. হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন এবং মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের কথাও স্মরণ করেন তারা। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের শিগগির ঢাকা সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায্য করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ ক্ষেত্রে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস দেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।