বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নীতিগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
এর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।