বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় উন্নত দেশগুলোর আরও অর্থায়ন ও কার্যকর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য ঘোষিত বার্ষিক ৩০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল বর্তমান প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
মঙ্গলবার (২৩ জুন) চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনের এক সেশনে তিনি এসব কথা বলেন।
‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক এই সেশনে প্রধানমন্ত্রী জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগে ধনী দেশগুলোর প্রতি তাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনার উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, পরিবেশবান্ধব শিল্পায়নের অংশ হিসেবে পাটশিল্পের সম্প্রসারণ এবং ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ জলবায়ু ঝুঁকি কমানোর পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে।