লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতে পাচারকালে ৬ মণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ পানবাড়ী বিওপির একটি টহল দল বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির টহল দল হাবিলদার মো.শাহিনুর ইসলামের নেতৃত্বে পাটগ্রাম উপজেলার সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
অভিযান দলের উপস্থিতি টের পাওয়ার আগেই কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে পাট ও সাইকেল নিয়ে ভারতের অভ্যন্তরে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ৬ মণ বাংলাদেশি পাট ও ১টি বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই মালামালগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।