‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কামারখালী ইউনিয়নে আয়োজিত এ প্রতিযোগিতায় ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা ১১টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে জড়ো হন হাজারো দর্শনার্থী।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে তরুণদের সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ শেষে কামারখালী বাজারে আয়োজন করা হয় মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ।