তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধকে তামাদি হতে দেবে না সরকার।
শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনার স্মৃতি এখনও জাতিকে ব্যথিত করে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই নিহতদের প্রতি আনুষ্ঠানিক সম্মান ও শোক জানানো হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, অন্যায় ও নৃশংসতার কোনো ঘটনা যেন বিচারের বাইরে না থাকে, সে বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমৃদ্ধির প্রশ্নে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। এই ঐক্যই শহীদদের প্রতি প্রকৃত দায়িত্ব পালনের পথ তৈরি করবে।
অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।