শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে দেখতে হলে নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। শুধু ভালো ফলাফল নয়, সুনির্দিষ্ট লক্ষ্য, কঠোর পরিশ্রম ও মানবিক মূল্যবোধই শিক্ষার্থীদের প্রকৃত সাফল্যের পথে এগিয়ে নেবে।
রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, যে সমাজ মেধাবীদের সম্মান করতে জানে, সেই সমাজই উন্নয়নের পথে এগিয়ে যায়। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মর্যাদাবান নাগরিক হিসেবে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের জীবনাদর্শ অনুসরণ করে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের আহ্বান জানান।
রাজশাহীকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, পরিকল্পিত উদ্যোগ, সমন্বয় ও নাগরিক সচেতনতার মাধ্যমে একটি শহরকে বাসযোগ্য ও উন্নত নগরীতে পরিণত করা সম্ভব।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশের মাটিতে প্রত্যেক শিক্ষার্থী বাংলাদেশের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত। তাদের আচরণ, ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের মধ্য দিয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মো. সাইদুর রহমান খান। বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ভূমিমন্ত্রী।