ঢাকা, ৮ মে ২০২৬: রাজধানীতে কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি আরও বাড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর অংশ হিসেবে ঢাকা মহানগরীতে নতুন করে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড, নিয়মিত টহল, চেকপোস্ট এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারেও অভিযান চলছে।
ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, রাজধানীকে আরও নিরাপদ করতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই ঠেকাতে ৭০০ ক্যামেরা বসানো হচ্ছে।
তিনি জানান, মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা হওয়ায় সেখানে আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি বসিলা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে চুরি, ছিনতাই, অপরাধ শনাক্তকরণ এবং যানজট নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাচ্ছে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হয়। কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামত বা পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ অপরাধীদের শনাক্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দ্রুত পুলিশি ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি রাজধানীর যানজট নিয়ন্ত্রণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।