দেশে রেমিট্যান্সে নতুন গতি দেখা যাচ্ছে। চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ১ থেকে ২০ জুন পর্যন্ত মোট ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১২১ কোটি ৮৮ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রেমিট্যান্সে নতুন গতি শুধু জুন মাসেই নয়, পুরো অর্থবছরজুড়েই অব্যাহত রয়েছে। গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে আসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয়।
এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলারে। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং ধারাবাহিক প্রবাসী আয় বৃদ্ধির কারণেই রেমিট্যান্সে নতুন গতি তৈরি হয়েছে। এর ইতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে পড়ছে।