রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যকেন্দ্রিক উদ্যোগের মধ্যেই খুঁজে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছাভিত্তিক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে।
তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এ ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শুধু মানবিক সহায়তা দিয়েই এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের ফেরার উপযোগী পরিবেশ গড়ে তুলতে রাখাইনে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও ফলপ্রসূ পদক্ষেপ প্রয়োজন।
তিনি আন্তর্জাতিক দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তহবিল বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা এবং রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সরকার ও আরাকান আর্মি, উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে। তাঁর মতে, রোহিঙ্গা সংকটের সমাধান অসম্ভব নয়, তবে এর জন্য দরকার সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা, রাজনৈতিক সদিচ্ছা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা।