আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
লিগ্যাল এইডের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, একই সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন সহায়তা পেয়েছেন। এছাড়া দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন সেবা গ্রহণ করেছেন।
শ্রমিকদের জন্য পৃথক ব্যবস্থার আওতায় ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেল থেকেও ৩০ হাজার ৪১ জন সহায়তা পেয়েছেন।
এছাড়া জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ১ হাজার ৫৭৭ জনকে আইনি পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে এই সময়কালে লিগ্যাল এইডের আওতায় সরকারি ব্যয়ে আইনি সহায়তা পেয়েছেন মোট ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে পরিচালিত এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো, আর্থিক অক্ষমতার কারণে যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই সংস্থা দেশের বিচারপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থায় পরিণত হয়েছে।