কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের সদস্যরা তাকে বাসায় পৌঁছে দেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রী বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেকের নিজস্ব মতপ্রকাশের অধিকার রয়েছে। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি।