শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মোবাইল ফোনের ডিসপ্লেসহ প্রায় ৯২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী, শেরপুরের শ্রীবর্দী উপজেলার দার্শিকোনা এবং ঝিনাইগাতীর গোবড়া গজারীবাগান এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩৯ বিজিবির টহল দল অংশ নেয়।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীবর্দী উপজেলার দার্শিকোনা এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়। একই রাতে ঝিনাইগাতীর গোবড়া গজারীবাগান এলাকা থেকে আরও ১৮৭ বোতল মদ জব্দ করা হয়।
অন্যদিকে হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮৮ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের শনাক্তে অভিযান চলছে বলে জানানো হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে “জিরো টলারেন্স” নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।