সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তিসহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব উঠে আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে যেভাবে সব রাজনৈতিক দল নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করেছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সংশোধনে জনগণের মতামত নিশ্চিত করতে গণভোটের বিধান পুনর্বহাল করা হবে।
তিনি বলেন, ষষ্ঠ বৈঠকে মোট ৬৩ জন প্রতিনিধি অংশ নেন। সময়ের সীমাবদ্ধতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তালিকা থেকে জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে শহীদদের মা-বাবা, ভাই এবং আহতদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।
তারা মূলত জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং বিশেষ করে জুলাই ঘোষণাপত্রের প্রাসঙ্গিক বিষয়গুলো সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। অনেকে এটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করার প্রস্তাবও দেন। এসব প্রস্তাব লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় রাজনৈতিক দল ও বিভিন্ন শক্তি যেভাবে একমত হয়েছে, সেভাবেই সংবিধানে তা ধারণ করা হবে। জুলাই জাতীয় সনদ নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সরকার সেভাবেই তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর বিষয়ে তিনি বলেন, ১৯৯৬ বা ২০০৬ সালের ব্যবস্থার হুবহু অনুকরণে কিছু করা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কী প্রক্রিয়ায় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিচারক, সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। এর আগে মন্ত্রীও জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, অতীতে বিতর্কিত হওয়ায় রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব অর্পণের বিষয়টি শেষ বিকল্প হিসেবে রাখার বিষয়ে সরকারের অবস্থান রয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত সাংবিধানিক কাঠামো সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারিত হবে।