কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আন্ডারওয়াটার ড্রোন (ডুবো ড্রোন) জব্দ করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ড্রোনটি জব্দের পরপরই হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানি বাহিনী।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর আধুনিক ‘রেমাস ৬০০’ মডেলের একটি মানবহীন যান। এটি ওই এলাকায় গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল।
আইআরজিসি নেভির দাবি, ড্রোনটি নিয়ন্ত্রণে নিতে কোনো সরাসরি সামরিক সংঘাতের প্রয়োজন হয়নি। অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ড্রোনটির পুরো সিস্টেম জ্যাম করে দেওয়া হয়। এরপর আইআরজিসির বিশেষ দল সমুদ্রের তলদেশ থেকে ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ড্রোনটি বর্তমানে তাদের সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞদের বিশেষ হেফাজতে রয়েছে। ড্রোনটির ভেতরে থাকা সমস্ত গোপন সামরিক ডেটা, ধারণকৃত ভিডিও ও কারিগরি উপাত্ত উদ্ধারের কাজ শুরু হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান এই প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারলে মার্কিন নৌবাহিনীর আন্ডারওয়াটার নজরদারি ব্যবস্থার বড় ক্ষতি হতে পারে।