দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য মনোনীত করা হয়েছে।
দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগ গতকাল বৃহস্পতিবার রাতে থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি হাবিপ্রবি প্রশাসনকে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হাবিপ্রবি শিক্ষার্থীরা হলেন-কৃষি অনুষদের মোছা. অন্যনা খাতুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।
এছাড়াও ২০২০ এর জন্য মনোনীত একমাত্র শিক্ষার্থী হলেন-ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।
একইসঙ্গে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে.এম. তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য সারাদেশ থেকে এবার ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হলো এই প্রধানমন্ত্রী স্বর্ণপদক।
২০০৫ সালে ইউজিসি এটি প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথমস্থান অধিকারীরা এই পদক পান।
দিনাজপুর হাবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা বাসসকে জানান, এবার হাবিপ্রবির কয়েকটি অনুষদ থেকে ১৬ জন কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন।
বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। আগামীতে এই সংখ্যা আরও যাতে বৃদ্ধি পায়, সেই বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করছি বলে তিনি আশ্বস্ত করেন।