স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী আট বছরের মধ্যে দেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না।
শনিবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরের জুলাই থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কাজ শুরু হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের নাম যথাযথভাবে তালিকাভুক্ত করে জমা দিতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, প্রতিবন্ধী ভাতার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ টাকা দাবি করলে বিষয়টি জানাতে হবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। পরিবারগুলো যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং সন্তানদের সঠিকভাবে লালন-পালন ও শিক্ষার সুযোগ দিতে পারে, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে হাম রোগে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে এবং একসময় ওষুধের ঘাটতিও ছিল। তবে বর্তমানে নতুন ওষুধ আনা হয়েছে এবং বিশেষ কর্মসূচির মাধ্যমে শিশুদের টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।
অপ্রয়োজনীয় সিজার প্রসঙ্গে তিনি বলেন, লেবার পেইনের ভয় দেখিয়ে কিছু দালালচক্র অপ্রয়োজনীয় সিজারের মাধ্যমে নারীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে অপ্রয়োজনীয় সিজার কমানো এবং নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।