রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না। কারণ বিএনপি জনগণের দল এবং জনগণের কল্যাণে কাজ করে।
শনিবার রাজধানীর মাদারটেকে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং মানবসেবামূলক উদ্যোগ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম চলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সমাজের বঞ্চিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের একটি হুইলচেয়ার দেওয়া মানে তাদের চলাফেরার সুযোগ ও আত্মনির্ভরতার পথ তৈরি করে দেওয়া।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মানুষের দুঃখ-কষ্টকে নিজের করে নিয়ে কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। বিএনপির ৩১ দফার ভিত্তিতে দেশকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই এগোতে হবে।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোনো জায়গা হবে না। যারা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের চিহ্নিত করা হচ্ছে।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু ও প্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে হুইলচেয়ার দেওয়া হয়।