স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি আলাদা অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন।
তিনি বলেন, “বিগত নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু ধর্মের ভাইদের পকেটের লোক মনে করত। সেখান থেকে তারা বের হয়ে এসে আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে, আমাদের বিশ্বাস করেছে।”
প্রতিমন্ত্রী বলেন, সেই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সারা দেশে প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। তাঁর ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মূল্য দিতে পেরেছে তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকার।
মীর শাহে আলম আরও বলেন, প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা একসঙ্গে পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শেষ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।