ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে পুলিশ সদস্যদের সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় তিনি বলেন, আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম মেনে চলা নিশ্চিত করতে হবে।
আইজিপি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে মনে রাখতে হবে, পুলিশ জনগণের সেবক। মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। তাই আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি।
তিনি থানাগুলোকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটলে দ্রুত তদন্ত, সঠিক রিপোর্টিং এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন আইজিপি।
সভায় খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজেদের সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। আইজিপি সেগুলো শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।