ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট আশুলিয়া থানায় দুটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইদ্রিস আলীকে গ্রেপ্তারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শরীফুল ইসলাম।
ইদ্রিস আলী (৪০) আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে। আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলাসহ ২০২৪ সালের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ইদ্রিস আলী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশনে আসেন। সেসময় কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে হত্যা মামলা থাকার বিষয়টি জানতে পেরে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তবে তার বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো.শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশন করতে আসেন। এসময় তার ডাটাবেজ যাচাই করে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।