রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুরের মামলায় শফিকুল ইসলাম আরিফ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকল বেলাই গ্রাম থেকে সৌরভকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে সৌরভের ফেসবুক আইডিতে আল্লাহ ও কোরআন নিয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি আবার ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতে উত্তেজিত লোকজন সৌরভ ও তাঁর স্বজনদের বাড়ির তিনটি ঘরের বেড়া ভাঙচুর এবং আসবাবপত্র তছনছ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম মামলা করেছেন। অন্যদিকে, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্তের করা মামলায় শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।