পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরে যারা মাদক নিয়ন্ত্রণ করেছে, সেই নিয়ন্ত্রণ বিএনপির কেউ নেওয়ার চেষ্টা করলে তার রক্ষা নেই। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক। তারা সাময়িকভাবে প্রভাবশালী। যদি তারা মনে করে অনেক কিছু হয়ে গেছে, সেটা ভুল। এখনই এসব ছেড়ে দিন। না হলে কেউ যদি গর্তে পড়ে যায়, তাকে উদ্ধার করার মতো লোকও থাকবে না।”
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। তাদের কাজে কেউ বাধা দিতে পারবে না। থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে, মাদকের বিষয়ে কোনো সুপারিশ গ্রহণ করা যাবে না।
এ্যানি বলেন, “আমার বা আপনার তদবিরের সুযোগ থাকবে না। প্রশাসনের কাজ প্রশাসনের গতিতে চলবে, আর রাজনীতির কাজ রাজনীতির গতিতে চলবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন-সংগ্রাম করেছি শান্তির জন্য। এখন যদি শান্তি না হয়, তাহলে আর কবে হবে?”
নারীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারপ্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে প্রয়োজনীয় খরচ মিটিয়ে অনেক নারী সঞ্চয়ও করতে পারছেন।
সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।