বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের দুঃশাসনে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা রক্ষা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিকল্পনা প্রণয়ন করেছেন।
শনিবার জামালপুর জেলা পরিষদের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সরকারকে কাজ করার জন্য এক বছর সময় দিতে হবে। এ সময়ের মধ্যে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।’
তিনি বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ক্ষমতাচ্যুত সরকারের গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো গ্যাসকূপ খনন করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন। এতে দেশ গভীর সংকটের মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির তালুকদার শামীম ও নিলুফার চৌধুরী মনি বক্তব্য দেন।
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নকাজের জন্য চেক বিতরণ করেন।