জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার ড. মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে তেহরান সফরকালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান এবং জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন।
তিনি বাংলাদেশ ও ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক যোগাযোগের কথাও তুলে ধরেন।
স্পিকার সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরান এবং পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর টেকসই সমাধান সম্ভব।
বৈঠকে বাংলাদেশের স্পিকার সুবিধাজনক সময়ে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে বৃহস্পতিবার তেহরানে পৌঁছালে বাংলাদেশ প্রতিনিধিদলকে বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই আন্তরিকভাবে স্বাগত জানান।