আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সরাসরি দিকনির্দেশনায় সারাদেশে নৌপথের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছেন সংস্থাটির বিভিন্ন স্তরের সদস্যরা।
ঈদকে কেন্দ্র করে নৌ পুলিশের আওতাধীন দুটি বিভাগের (উত্তর ও দক্ষিণ) মোট ১১টি অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। এর মধ্যে উত্তর বিভাগে- ঢাকা,নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট, কিশোরগঞ্জ এবং দক্ষিণ বিভাগে-চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাটসহ নৌ পথে টহল জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে অঞ্চল ভিত্তিক গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোলরুম স্থাপনসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকার সদরঘাট ফরিদপুর অঞ্চলের পাটুরিয়া, দৌলতদিয়া,নারায়ণগঞ্জেরশিমুলিয়া ঘাট, পাবনার কাজিরহাট ও আরিচা ঘাট সহ উত্তর ও দক্ষিণ এই দুটি বিভাগে ১১টি অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌঘাট সমূহে অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে যারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্বপালন করছেন।
নৌ পুলিশ জানায়, নদীপথের বিভিন্ন ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭০টি ডিউটি পোস্ট স্থাপন করা হয়েছে। এসব পোস্টে ১ হাজার ১৪৩ জন অফিসার ও ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। গত ২২ মে থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা ডিউটি আগামী ২ জুন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত থাকবে।
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার জন্য সাধারণ যাত্রীদের করণীয় বিষয়ে সচেতন করতে ঘাটগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি নৌযানগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ, অসুস্থ যাত্রীদের সহায়তা এবং হকার ও মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। নৌপথে চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।