সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে এনসিপি।
বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ ঘটনার কথা জানান তিনি।
নিজের বাড়ির পুড়ে যাওয়া স্মৃতির কথা তুলে ধরে নুসরাত তাবাসসুম লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’
বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কথা জানিয়ে নুসরাত আরও লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। দলের নেতারাও এ ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন।
নুসরাতের বাবা হালিম টম জানান, তাঁরা বর্তমানে নতুন বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে গবাদিপশু রাখা হয়। মাঝেমধ্যে আত্মীয়স্বজন এলে সেটি ব্যবহার করা হয়। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। মারা গেছে একটি ছাগলও।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।