মন্ত্রণালয়ে প্রথম অফিস করেছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।
সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিতে হবে।
তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় কর্মকর্তারা নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়,খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।