আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আমলে সংঘটিত গুম-খুনের বিচারের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।
বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট।
গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি এখনো চলমান রয়েছে। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি এবং বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন।