দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিবিধ আলোচ্যসূচির অংশ হিসেবে প্রস্তাবটি উপস্থাপন করে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মাজদা অয়েল কোং লিমিটেড থেকে এই ডিজেল আমদানি করা হবে।
এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। জরুরি পরিস্থিতি বিবেচনায় দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির মাধ্যমে ডিজেল কেনার সুপারিশ করেছে কমিটি।
সাম্প্রতিক ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের লক্ষ্য হলো, বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং অভ্যন্তরীণ জ্বালানি খাতে স্থিতিশীলতা ধরে রাখা।