কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক জব্দ ও ৩ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) হ্নীলা ইউপির লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূইয়া।
আটকদের মধ্যে রয়েছে ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির পুত্র মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ফয়েজ আহমেদের পুত্র মো. মুসলিম, ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের ইউনুসের পুত্র মো.আনসার আলী।
বিজিবি সূত্রে জানা যায়, লেদা বাজার এলাকা দিয়ে অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি অপরাধী চক্রের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। পরে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহজনক একটি ইজিবাইককে থামিয়ে মেটাল ডিটেক্টরের সাহায্যে বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়।
আরও জানা যায়, এ সময় আলুর বস্তার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় এক নলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি টেজার, ৬টি ওয়াকিটকি সেট ও একটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।