ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট নির্বাচন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে নিজ নিজ দল ও জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।