ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ২৫ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, ১টি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল এবং নগদ ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
এছাড়া ১টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এসময় ১ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।