প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সব অংশীজনের সম্মিলিত মেধা, অভিজ্ঞতা ও চিন্তাশক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন : টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের সমন্বিত চর্চাই ভবিষ্যৎ সভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জাতির বড় শক্তি হয়ে উঠতে পারে। বর্তমান বিশ্ব বাস্তবতায় সেমিকন্ডাক্টর, ডেটা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা শুধু অর্থনীতির বিষয় নয়, বরং রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার অংশ।
আইসিটি খাতের বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির জটিল বিষয়গুলো সাধারণ মানুষের তুলনায় বিশেষজ্ঞরা ভালোভাবে বোঝেন। তাই সময়োপযোগী ও কার্যকর নীতি প্রণয়নে তাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, বিআইএসএ আইসিটি খাতের বিনিয়োগকারী, উদ্যোক্তা, শিল্পপতি ও বিশেষজ্ঞদের উদ্ভাবনী চিন্তা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬ নিয়ে উন্মুক্ত আলোচনা ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ, বিআইএসএ-এর প্রধান উপদেষ্টা মুস্তফা রফিকুল ইসলাম ডিউকসহ তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।