তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই শুরু হচ্ছে আজ।তিন দিনের এ কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও সম্ভাবনা মূল্যায়ন করবেন।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনা। এ কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে থাকবেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
এ ছাড়া মূল্যায়ন করবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জের আবেদনকারীদের চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে।
প্রথম পর্যায়ের জেলাগুলোতে ব্যাপক সাড়া পাওয়ার পর দেশের বাকি ৫৬ জেলায়ও উদ্যোক্তা খোঁজা ও আবেদন গ্রহণের কার্যক্রম চলছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।