প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনায়। নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিচ্ছন্ন করা হয়েছে সড়ক ও আশপাশের এলাকা। বর্ণিল ব্যানার-ফেস্টুন ও গ্রাফিতিতে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। খুলনায় তার একটি কর্মসূচি রয়েছে। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের বর্ণিল ব্যানার ও ফেস্টুনে।
শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা রঙের গ্রাফিতি। এসব গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। পাশাপাশি স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে নেতাকর্মীদের লাগানো ফেস্টুনও। ফলে এবারই প্রথম কোনো সরকারপ্রধানের আগমন উপলক্ষে নগরজুড়ে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুনের আধিক্য দেখা যাচ্ছে না।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসবেন, সে জন্য মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় আছি।’