আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, চলমান পরিস্থিতিতে মানুষের কষ্টের বিষয়টি সরকার উপলব্ধি করছে। চলতি মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নয়নের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের চুক্তি স্বাক্ষর হবে। এটি চালু হলে দেশে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) শোধনের সক্ষমতা বাড়বে। বছরে ৪৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব হবে। এটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সহায়ক হবে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ–সংকট অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, সরকার রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে চায়। কোনো প্রতিষ্ঠান নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করলে সরকার তা ভালো দামে কিনে নেবে।
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কাতার থেকেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।