দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানিকে সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রবিবার (২৮ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় ডিম থেকে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করবে। আজকের এই রপ্তানি কার্যক্রম দেশের রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন তা দেশের সক্ষমতার প্রতিফলন। এটি শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের গ্রহণযোগ্যতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে।
জানা গেছে, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ডিম থেকে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি করছে। চালানটির মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। বর্তমান সরকারের আমলে এটিই প্রথম এ ধরনের ডিম রপ্তানির চালান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, ডা. শারমিন সামাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা. মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিন, মহাব্যবস্থাপক (বিক্রয়) আবু কাউসার মো. সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।