নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় তিনি প্রকল্প এলাকায় যান এবং চলমান অবকাঠামো কাজ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য। এ প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত বাকি কাজ সম্পন্ন করে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দেন।