সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত ঈদযাত্রাই মানুষের জন্য ঈদের সবচেয়ে বড় আনন্দ।
রোববার গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে নিয়মিত সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।
শেখ রবিউল আলম পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, বাইপাইল, এলেঙ্গা ও চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ মহাসড়ক এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবহন চলাচল নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন কিংবা সড়কে বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও জানান, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশ, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত হবে।