শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলায় ৮১২টি পূজামন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।
আজ শনিবার দুপুরে জেলা শহরের আনন্দময়ী কালিবড়ি দুর্গাপূজা মন্ডপে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম।
এ সময় লে. কর্নেল মনজুর করিম বলেন, পূজামন্ডপের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে। সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন নেওয়া হবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।