নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বন্যা ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং আগামী তিন মাস বিশেষ প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন।
বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার বোয়ালীর হাওর, জিয়াখরা হাওর, নাওটানা, বিরবিল্লাহ, কীর্তনখোলা ও গুচিগাইসহ বেশ কয়েকটি হাওর এলাকা ঘুরে দেখেন। টানা বৃষ্টির পানি জমে থাকায় খালিয়াজুরীর প্রায় অর্ধেক বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
পরিদর্শনকালে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকের কাছে তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, কৃষিখাতে অব্যবস্থাপনা, শ্রমিক সংকট, ধান কাটার হারভেস্টার মেশিনের অভাব, অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ এবং দীর্ঘদিন ধরে জলমহাল খনন না হওয়ায় হাওর এলাকার কৃষকরা বারবার ক্ষতির মুখে পড়ছেন।
জেলা প্রশাসক কৃষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে তিন মাস প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে।
হাওর পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুখময় সরকার, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. আমিরুল ইসলাম এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষন দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, কৃষক দলের উপজেলা সেক্রেটারি পান্ডব সরকারসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।