পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়ে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনা, কৃষি ও নদী নিয়ন্ত্রণে পদ্মা ব্যারেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রকল্প।
অন্যদিকে, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। এ পরিকল্পনার আওতায় আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
এছাড়া, খাল খনন কার্যক্রম জোরদারে সরকার কাজ করে যাচ্ছে। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী। এসব সফরে অন্যান্য উন্নয়ন কর্মসূচির পাশাপাশি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সরকারের এসব উদ্যোগ দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।