ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার বিষয়ে কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করার সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্রবিষয়ক বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। এসব কর্মকাণ্ডকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নেয় কমিটি। এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।
বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালুর প্রস্তাব করা হয়। নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাবও দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে সম্মতি জানান।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।